কুলাউড়ায় ২ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় দুই কোটি ছয় লাখ টাকা ব্যয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
কুলাউড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন
কুলাউড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় দুই কোটি ছয় লাখ টাকা ব্যয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ে আন ফানাই নদীর চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী আন ফানাই পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো: শওকতুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রীতম দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বহিবির্শ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল ইসলাম চৌধুরী, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইটসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

পিআইও অফিস সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের বাস্তবায়নে ভুকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের প্রায় আট কিলোমিটার দীর্ঘ খাল খনন প্রকল্পে ৩ দশমিক ৯ কিলোমিটার খননের জন্য দুই কোটি ছয় লাখ তিন হাজার ৮০ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

প্রকল্পের চেয়ারম্যান ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, খাল খনন সম্পন্ন হলে বর্ষাকালে এ অঞ্চলের পানি নিষ্কাশন সহজ হবে এবং হাওর এলাকায় বোরো মৌসুমে কৃষকরা পর্যাপ্ত পানি সুবিধা পাবেন। ফলে অকাল বন্যা প্রতিরোধে খাল খনন কর্মসূচি খুব জরুরি ছিল।