মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মেলান্দহ উপজেলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করার দায়ে শামীম এন্টারপ্রাইজ নামে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্যামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর বাজারের শামীম এন্টারপ্রাইজ নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধানখেতে প্রয়োগ করার মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।



