বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষে নিহত ২

আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর তুষার কান্তি বণিক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Bauphal
প্রিন্স আওলাদ-৭ লঞ্চ
প্রিন্স আওলাদ-৭ লঞ্চ |সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষের ঘটনায় আওলাদ-৭ নামের যাত্রীবাহী লঞ্চটির রুট পারমিট স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর তুষার কান্তি বণিক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পটুয়াখালীতে আসার পথে আওলাদ-৭ লঞ্চটি তরমুজবাহী একটি ট্রলারকে ধাক্কা দিলে দুজন নিহত হয়। বিষয়টি ঢাকার প্রধান কার্যালয়ে জানানো হলে কর্তৃপক্ষ লঞ্চটির রুট পারমিট সাময়িকভাবে স্থগিত করে।

তিনি বলেন, বর্তমানে লঞ্চটির চলাচলের অনুমতি নেই। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি রুটে চলাচল করতে পারবে না। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে তাদের অন্য লঞ্চে বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার ভোররাতে বাউফলের বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে আওলাদ-৭ লঞ্চের ধাক্কায় তরমুজবাহী ট্রলার ডুবে যায়। এতে দুইজনের মৃত্যু হয় এবং আরো দুইজন আহত হন।