মানিকগঞ্জের সাটুরিয়ার রাজৈর খেয়া ঘাটে ধলেশ্বরী নদীতে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল লাখো মানুষের স্বপ্নের সেতু।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
উপজেলার বরাইদ ইউনিয়নের বরাইদ-ছনকা বাজার ভায়া রাজৈর খেয়া ঘাটে ধলেশ্বরী নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের বাস্তবায়নে এক হাজার ৭৫০ মিটার চেইনেজে তিনশ ৩৬.৪ মিটার সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খামন রিতা বলেন, ‘নির্বাচনের পর প্রথম বরাইদ ইউনিয়ন দিয়ে শুরু হল উন্নয়নের অগ্রযাত্রা। নির্বাচনের সময় আপনাদের দাবি এবং আমাদের কথা ছিল রাস্তাঘাট ও সেতু নির্মানের বিষয়ে। আমরা সে কথা রাখতে পেরেছি। সেই সাথে সেতু নির্মাণের জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করেন বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা।’
বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা আরো বলেন, ‘আগামী স্লটে ফ্যামিলি কার্ডের মানিকগঞ্জ জেলায় কাজ শুরু হবে। পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এ ব্রিজের কাজ শেষ হলে জেলার সাটুরিয়া-দৌলতপুর উপজেলার অর্থনৈতিকসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হবে। এ নদীর অন্যস্থানে সেতুর প্রয়োজনীয়তা রয়েছে। পর্যায়ক্রমে সেখানে ও সেতু তৈরি করা হবে।’
দলীয় নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা উন্নয়ন কাজে নিজেরদের কিংবা আত্মীয়দের জন্য কোনো তদবির করবেন না। যাদের ভাল কাজ করার অভিজ্ঞতা আছে, তাদের কাজ করতে দিন। কাজের মান নিয়ে তদারকি করুন। কাজ যাতে শত ভাগ সুন্দর মতো শেষ হয়।’
বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এর আগে উপজেলা প্রশাসনের সাথে উন্নয়ন অগ্রগতি নিয়ে মত বিনিময় করেন। এ সভায় তিনি বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রীর সাথে আমার গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছি। তাহলে আপনারা কেনো সময়মত অফিসে আসতে পারবেন না। সাটুরিয়াকে কিভাবে দীর্ঘ, স্বল্প মেয়াদি কাজ করে উন্নয়ন করা যায়, তা লিখিত আকারে পাঠাবেন।’
এসময় তিনি মহিলা, যুব, কৃষি বিভাগের সমস্যা নিয়ে দফতর প্রধানদের বক্তব্য শুনেন। পরে তার সমাধান দেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আলী, মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাউদ্দিন, পিপিএম-সেবা, মানিকগঞ্জ এলজিডির নির্বাহী প্রকৌশলী এস এম লুৎফর রহমান, মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) আফম নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ওসি তদন্ত আসাদ্জ্জুামানসহ বিভিন্ন দফতর প্রধান ও জেলা এবং সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতারা।



