ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাইকপাড়ায় সালিশ বৈঠক চলাকালে বিদ্যালয়ের দেয়াল ধসে সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার পাইকপাড়ার হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সাবেক কাউন্সিলর মো: আহসান উল্লাহ হাসান, তূর্য দাস (১৩) ও আঁখি (১৯)। তাদের মধ্যে আহসান উল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের শেষ দিকে পাইকপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে লোহার ফ্রেম পড়ে সুব্রত দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের স্বজনদের নিয়ে বিদ্যালয় মাঠে সালিশ বৈঠক বসে।
বৈঠক শুরুর কিছুক্ষণ পর বিদ্যালয় ভবনের ছাদের উপরের অংশের দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে উত্তর-পূর্ব কোণে বসে থাকা তিনজন দেয়ালের নিচে চাপা পড়ে আহত হন। আহত তূর্য দাস নিহত সুব্রত দাসের ছেলে বলে জানা গেছে।
সালিশে উপস্থিত জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: জহিরুল হক খোকন জানান, সভা চলাকালে হঠাৎ করে ভবনের উপরের দিকের রেলিংয়ের দেয়াল ভেঙে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



