গণভোটের রায় বাস্তবায়ন হলে স্বৈরাচারের সুযোগ থাকবে না : রফিকুল ইসলাম খান

জুলাই সনদের নয় দফা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি, বৈষম্য ও অন্যায়মুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। জনগণের ভোটাধিকার, আইনের শাসন, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের কোনো বিকল্প নেই।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajgonj
বক্তব্য রাখছেন বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান
বক্তব্য রাখছেন বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান |নয়া দিগন্ত

জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ গণভোটের রায় বাস্তবায়ন হলে দেশে পুনরায় কোনো স্বৈরাচারের সুযোগ থাকবে না এবং এ রায় বাস্তবায়ন করা বর্তমান সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘জনগণের প্রত্যাশা উপেক্ষা করার সুযোগ নেই। সরকারকে জুলাই সনদের নয় দফা ও গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। প্রয়োজনে গণআন্দোলনের মাধ্যমে সরকারকে এ রায় বাস্তবায়নে বাধ্য করা হবে।’

শনিবার (১ আগস্ট) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা কদমতলা এলাকায় সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘জুলাই সনদের নয় দফা বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি, বৈষম্য ও অন্যায়মুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। জনগণের ভোটাধিকার, আইনের শাসন, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের কোনো বিকল্প নেই। ’

তিনি আরো বলেন, ‘জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়িত হলে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বৈরাচারী শাসন কায়েম করতে পারবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের সুযোগ কমে আসবে এবং চাঁদাবাজি ও নানা ধরনের অনিয়মের পথও রুদ্ধ হবে। ’

তিনি অভিযোগ করেন, ‘বিএনপি গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে অবস্থান না নেয়ায় এ বিষয়ে অগ্রগতি হচ্ছে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমির রাশেদুল ইসলাম শহীদ এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শায়েখ ড. মাওলানা আব্দুস সামাদ, সলঙ্গা থানা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর মোল্লা, সলঙ্গা বাজার শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান এবং সলঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতি মহসিন আলী।

বিশেষ অতিথিরা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদের দাবিগুলো বাস্তবায়ন করা প্রয়োজন। গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার আহ্বান জানায় তারা।