ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মশাখালি ও কাওরাইদের মাঝের সেকশনে রেললাইনের পাথরবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার গোলাবাড়ি নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে।
এ ঘটনায় ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়ানগর, তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ জংশনে অবস্থান করছে। অপরদিকে জামালপুর কমিউটার শ্রীপুর ও যমুনা এক্সপ্রেস রাজেন্দ্রপুরে আটকা পড়ে আছে। ফলে ট্রেনগুলোর হাজার হাজার যাত্রী মারাত্মক দুর্ভোগে পড়েছেন।


