গাবতলীতে ধানক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
ধানক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ধানক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার |প্রতীকী ছবি

বগুড়ার গাবতলীতে একটি শ্যালো মেশিনের ঘরের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের শালমারা বিলের চর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধ মো: আব্দুল লতিফ আকন্দ (৬৫) গাবতলী উপজেলার নিশিন্দারা পাচমাইল এলাকার মরহুম মোবারক আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল লতিফ আকন্দ পেশায় কৃষক ছিলেন। তিনি শালমারা বিলের চরে নিজের শ্যালো মেশিনের ঘরে অবস্থান করে জমিতে সেচের কাজ করতেন। শনিবার (২৮ মার্চ) রাতে সেচ দেয়ার জন্য তিনি ওই ঘরেই ছিলেন।

রোববার সকালে স্থানীয় লোকজন শ্যালো মেশিনের ঘরে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়।

নিহতের ভাতিজা সোহেল জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে এসে দেখি চাচাকে কারা যেন হত্যা করে উলঙ্গ অবস্থায় ধানক্ষেতের ভেতরে ফেলে রেখে চলে গেছে। সেচ ঘর ভেঙে গেছে। হয়তো রাতে কোনো ধস্তাধস্তি হয়েছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।