দিনাজপুরের ফুলবাড়ীতে নবিরুল ইসলাম (৪০) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাত ১টার দিকে ঘোড়াঘাট এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা উদ্ধারসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
নিহত অটোরিকশাচালক নবিরুল ইসলাম পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। আটক আকাশ আহম্মেদ (২২) জয়পুরহাটের বাসিন্দা মনোয়ারের ছেলে। তিনি পৌর এলাকার চকসাহাবাজপুরে তার সৎ বাবা শাহাজাহানের সাথে বসবাস করতেন।
জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে শাহাবাজপুর যাওয়ার উদ্দেশে পৌর শহরের ঢাকা মোড় (শাপলা চত্বর) থেকে নবিরুল ইসলামের আটোরিকশায় ওঠেন তিন ব্যক্তি। এরপর অটোরিকশাটি উত্তর লক্ষীপুর (কুর্শাখালি রেলগেটে) পৌঁছালে দুর্বৃত্তরা চালক নবিরুলের কাছ থেকে আটোরিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এ সময় বাধা দিলে চালক নবিরুলকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালক নবিরুল ইসলামকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে অভিযান চালিয়ে ঘোড়াঘাট উপজেলা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ আকাশ আহম্মেদকে আটক করলেও বাকি দু’জন পালিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাতেই আটোরিকশাসহ একজনকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের চাচা নুরুল ইসলাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেফতারে তৎপরতা চলছে।



