নীলফামারীর সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবু সুফিয়ান পদত্যাগ করেছেন।
সরকারের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্ত, বিচার বিভাগের স্বাধীনতা এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মৌলিক মতপার্থক্য থাকার কথা উল্লেখ করে তিনি রোববার (৩ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।
এ সময় তার সাথে ছিলেন জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক ও নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারি আনিছুর রহমান আজাদ ও সমিতির নির্বাহী সদস্য মোজাহেদুল ইসলাম।
জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে জনগণের সেবা করা এবং অর্পিত দায়িত্ব পালন করা তার জন্য গর্বের বিষয় ছিল। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও সরকারের বিভিন্ন পদক্ষেপের সাথে মৌলিক মতপার্থক্য থাকার কারণে তিনি আর এ দায়িত্বে বহাল থাকতে চান না।
পদত্যাগপত্রে অ্যাডভোকেট আবু সুফিয়ান আরো উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা তাকে গভীরভাবে হতাশ করেছে। একই সাথে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার অগ্রগতি না হওয়া এবং বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ-সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করে আবু সুফিয়ান নয়া দিগন্তকে বলেন, এতে বিচার বিভাগের স্বাধীনতা ও সাংবিধানিক শাসনব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত বিবেকের তাড়নায় সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব নয়। পদত্যাগপত্রটি অবিলম্বে কার্যকর করার অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানকে ফোন করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।



