ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

মেডিক্যাল শিক্ষার্থী গ্রেফতারের প্রতিবাদে রংপুরে মহাসড়ক অবরোধ

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৭টার দিকে নগরীর কেন্দ্রীয় কারাগারের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এর ফলে রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
কেন্দ্রীয় কারাগারের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে মেডিক্যাল শিক্ষার্থীদের অবরোধ
কেন্দ্রীয় কারাগারের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে মেডিক্যাল শিক্ষার্থীদের অবরোধ |নয়া দিগন্ত

রংপুরে ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী তরুণীর মৃত্যুর ঘটনায় এক মেডিক্যাল শিক্ষার্থীকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এতে রংপুর বিভাগের পাঁচ জেলার সাথে দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৭টার দিকে নগরীর কেন্দ্রীয় কারাগারের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এর ফলে রংপুর, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হয়।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ভ্যাপসা গরমে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এর প্রভাব পড়ে রংপুর মহানগরীর অভ্যন্তরীণ সড়কেও, সৃষ্টি হয় তীব্র যানজট।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থী ও শিক্ষকরা মেডিক্যাল মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। তাদের দাবি, কোনো ধরনের সুষ্ঠু তদন্ত বা যাচাই-বাছাই ছাড়াই মেডিক্যাল শিক্ষার্থী শাহরিয়ার সাকিনকে গ্রেফতার করা হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, নিহত তরুণীকে একসময় প্রাইভেট পড়াতেন শাহরিয়ার সাকিন। পরবর্তীতে তিনি পড়ানো বন্ধ করে দেন। এ বিষয়ে তথ্য দিতে ডিবি কার্যালয়ে গেলে মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। পরে নিহতের পরিবারের দায়ের করা মামলায় তাকে আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা দাবি করেন, সাকিনকে অবিলম্বে মুক্তি না দেয়া হলে তাদের আন্দোলন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

রংপুর মেডিকেল কলেজের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ডা. কবির সাংবাদিকদের বলেন, আমাদের একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের কথা বলে পুলিশ ক্যাম্পাস থেকে নিয়ে গেল। তারপর এজাহারের ভিত্তিতে গ্রেফতার দেখালো, এটা হতে পারে না। এজাহার করলেই যে কাউকে তুলে নেওয়া যায়, এটা করা যাবে না। সুষ্ঠু তদন্ত করে তথ্য প্রমাণ দিতে হবে।

উল্লেখ্য, সোমবার (২২ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর ডেন্টাল রোড এলাকায় নর্থ ভিউ হোটেলের ১০ তলার ছাদ থেকে পড়ে মারা যান রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী লুজসাত জাহান। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে তার বাবা নজরুল ইসলাম একটি মামলা দায়ের করেন। মামলায় শাহরিয়ার সাকিনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে শাহরিয়ার সাকিনকে নগরীর মেডিক্যাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নিহত তরুণীর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।