দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় আইন প্রয়োগে কঠোর নিরপেক্ষতার আহ্বান জানিয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ডা: জাহিদ হোসেন বলেন, ‘এইটা জাহিদের ভাই বা বোন এটা আপনারা দেখবেন না। প্রশাসন একদম অন্ধভাবে আইন তার নিজস্ব গতিতে এগিয়ে নেবে।’
তিনি বলেন, ‘আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তি পরিচয় বা প্রভাব বিবেচনায় না এনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে হবে। এতে সুশাসন নিশ্চিত হবে এবং সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা আরও দৃঢ় হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, মন্ত্রীর সহধর্মিনী ডা: শরিফা করিম স্বর্ণা, জেলা সমাজসেবা উপপরিচালক আবদুল মতিন, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার আলাউদ্দীন আল আজাদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মোর্শেদ আলী খান এবং রংপুর মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা।
এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা ও সুধীজন সভায় অংশগ্রহণ করেন।



