মাদক নির্মূলে চুনোপুঁটি নয়, গডফাদারদেরও ধরতে হবে : ডিআইজি

আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি করা হচ্ছে। এর মধ্যে ফেনীকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। মাদকের শেষ শিকড় পর্যন্ত উপড়ে ফেলতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম
বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম |নয়া দিগন্ত

ফেনী থেকেই মাদক নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

তিনি বলেছেন, শুধু চুনোপুঁটি নয়, মাদকসেবী, কারবারি, ডিলার, গডফাদার, অর্থদাতা ও বিনিয়োগকারী—প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে ফেনী শহরের পুলিশ লাইন্সে মাদকবিরোধী মতবিনিময় সভা এবং গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি করা হচ্ছে। এর মধ্যে ফেনীকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। মাদকের শেষ শিকড় পর্যন্ত উপড়ে ফেলতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

ডিআইজি বলেন, স্কুল-কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করবেন। সাংবাদিকরা মাদকবিরোধী কার্যক্রমগুলো গুরুত্ব সহকারে প্রচার করবেন। আইনজীবীদের মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজকে বাঁচানোর জন্য মাদককারবারি, গডফাদার ও অর্থদাতাদের পক্ষে না দাঁড়ানোর আহবান জানান তিনি।

এছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আলেমদের ধর্মীয় উপাসনালয়ে মাদকের ভয়াবহতা তুলে ধরার আহবানও জানান তিনি। রাজনীতিবিদসহ সমাজের গুরুত্বপূর্ণ অংশীজনদেরও মাদকের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানান তিনি।

মাদকবিরোধী সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশে ডিআইজি বলেন, পরবর্তী প্রজন্ম ও ভবিষ্যৎ নেতৃত্বকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে। নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি সহপাঠীদেরও সচেতন করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে মাদকের বিরুদ্ধে একজন করে দূত হওয়ার আহবান জানান তিনি।

পুলিশ লাইন্সে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক ও জেলা প্রশাসক মনিরা হক।

আলোচনায় অংশ নেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ এনামুল হক খন্দকার, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পিপি মেজবাহ উদ্দিন খান, জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সদস্য ফরিদ উদ্দিন খান নয়ন, জেলা শিক্ষক সমিতির সভাপতি সামছুল আলম চৌধুরী, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক ভূঞা, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সমির কর, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবু তাহের ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন প্রমুখ।

শুরুতে জেলার মাদক পরিস্থিতির চিত্র তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো: আবদুল হামিদ।

মতবিনিময় শেষে পুলিশ লাইন ফটকে বেলুন উড়িয়ে মাদকবিরোধী র‌্যালির উদ্বোধন করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। র‌্যালিতে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।