ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৩৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। অভিযানে এসব সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়েছে। এ সময় অবৈধ গ্যাস সংযোগ নেয়ার দায়ে আটজনকে মোট এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) সদর উপজেলার বিহাইর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিডিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
বিজিডিসিএল কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযানে ৩৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়। এ সময় আটটি গ্যাস রেগুলেটর উদ্ধার করা হয়। এছাড়া ৪০৫ মিটার তিন-চার ইঞ্চি এমএস পাইপ অপসারণ করা হয়েছে।
অভিযানকালে প্রায় ৯০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্কও নিষ্ক্রিয় করা হয়। অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে আট ব্যক্তিকে মোট এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজিডিসিএলের কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



