গাজীপুর মহানগরের জয়দেবপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি ও দুটি চাপাতি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গাজীপুর সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকার বীথিকা আবাসিকের পশ্চিম পাশে একটি কাঁঠাল গাছের নিচে ঝোপঝাড়ে অভিযান চালানো হয়। এ সময় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর পেঁচানো অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি এবং দুটি চাপাতি উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গাজীপুর ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকের বিস্তার রোধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরো জানায়, সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



