ময়মনসিংহে তিন প্রজন্ম একসাথে ভোট দিলেন

বেলা ১১টায় ইসরাত জাহান সিঁথি তার মা মাহফুজা আক্তার ও দাদি হোসনে আরা বেগমকে নিয়ে প্রথমবার ভোট দেন।

সাইফুল মাহমুদ, ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ইসরাত জাহান সিঁথি, তার মা মাহফুজা আক্তার ও দাদি হোসনে আরা বেগম
ইসরাত জাহান সিঁথি, তার মা মাহফুজা আক্তার ও দাদি হোসনে আরা বেগম |নয়া দিগন্ত

ময়মনসিংহ মহাকালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একসাথে ভোট দিয়েছেন তিন প্রজন্ম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ইসরাত জাহান সিঁথি তার মা মাহফুজা আক্তার ও দাদি হোসনে আরা বেগমকে নিয়ে প্রথমবার ভোট দেন।

ময়মনসিংহ নগরীর দূর্গাবাড়ি বাইলেনের বাসিন্দা তারা। ইসরাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। গত ১০ ফেব্রুয়ারি তিনি রাজশাহী থেকে অনেক দুর্ভোগের মধ্যদিয়ে ময়মনসিংহের বাসায় আসেন।

প্রথমবার ভোট দিয়ে ইসরাত বলেন, ‘এইবারই প্রথম ভোট দিলাম। বেশ একটা আমেজ। উৎসব উৎসব ভাব। খুব ভালো লাগছে। কোনোবারতো এমন হাড্ডাহাড্ডি লড়াই হয় না। কে জিতবে, কে হারবে। ভোট দিতে পেরে ভালোই লাগছে। চাচাতো ভাইবোনকে নিয়ে আসছি। মা ও দাদিও একসাথেই আসছে। তিন প্রজন্ম একসাথে ভোট দেয়ার অনুভূতি ভিন্ন রকমের, যা ভাষায় প্রকাশ করতে পারছি না।’

তিনি আরো বলেন, ‘আগের নির্বাচনে ভোটার হয়েছি, কিন্তু গোলযোগ আর তৎকালীন উদ্ভূত পরিস্থিতিতে ভোট দিতে পারেনি।’

বৃদ্ধা হোসনে আরা বেগম জানান, অনেক দিন ভোট দেন না, এবার ভোট দিতে পেরে তিনি খুবই খুশি।

ইসরাতের মা মাহফুজা আক্তার শাশুড়ি ও মেয়েকে নিয়ে ভোট দিতে পেরে দারুণ খুশি। তিনি বলেন, ‘এমন সৌভাগ্য কয়জনের হয়। এবার একসাথে ভোট দিতে পেরে অনুভূতিটাই অন্যরকম।’

ভোটের পরিবেশ খুব ভালো বলেও মন্তব্য করেন তিনি।