গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি স্থানান্তর করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভোটার ও এলাকাবাসী।
সোমবার (১৭ আগস্ট) দুপুরের দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের আরাজী জামালপুরে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন আব্দুস ছালাম সরকার, আমিন উল্লাহ্ আল আমিন, মমিনুর রহমান বাবুল, সুমন মন্ডল, গোপীনাথ ঠাকুরসহ অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আরাজী জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ এলাকার মানুষ ভোট দিয়ে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের পাঁয়তারা করছে। এতে সাধারণ ভোটারদের ভোগান্তি বাড়বে। বিশেষ করে নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
বক্তারা আরও বলেন, কোনো ধরনের জনমত যাচাই না করে ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হলে তা মেনে নেয়া হবে না। আগের স্থানেই ভোটকেন্দ্র বহাল রাখার দাবি জানান তারা।
এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে ভোটকেন্দ্র স্থানান্তরের উদ্যোগ বাতিলের দাবি জানানো হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।
এতে সড়কের উভয় পাশে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। এরপর গাইবান্ধা জেলা ও সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসার ভোটকেন্দ্রটি পরিদর্শন করেন।



