ফুলবাড়ীতে পিকআপচাপায় বিএনপি নেতা নিহত

মিজানুর রহমান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলযোগে লক্ষিপুর বাজার থেকে ফুলবাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে ব্রহ্মচারী নামক স্থানে পৌঁছালে একটি পিকাআপ মোটরসাইকেল আরোহী মিজানুর রহমানকে চাপা দিয়ে পালিয়ে যায়।

শেখ সাবীর আলী, ফুলবাড়ী (দিনাজপুর)

Location :

Phulbari
সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত |প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের চাপায় মিজানুর রহমান (৪৮) নামে এক ইউনিয়ন যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারী নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে রাত সাড়ে ১০টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ।

নিহত বিএনপি নেতা মিজানুর রহমান উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মহাদিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) ও যুবদলের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলযোগে লক্ষিপুর বাজার থেকে ফুলবাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারী নামক স্থানে পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি পিকাআপ মোটরসাইকেল আরোহী মিজানুর রহমানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে দুই ঘণ্টা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান ও অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) নবকুমার বিশ্বাসসহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন তারা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।