ভাঙ্গায় বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি মোটরসাইকেলটিকে প্রায় আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায়।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
নিহতদের লাশ
নিহতদের লাশ |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকাগামী দশমিনা দ্রুতগতির বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেলযোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি দ্রুতগতির বাসের নিচে তাদের মোটরসাইকেল ঢুকে পড়ে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি মোটরসাইকেলটিকে প্রায় আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে এবং বাসটি আটক করে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।