সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ তোফায়েল আহমদ খানের হাত ধরে জামায়াতে যোগ দিয়েছেন অর্ধশতাধিক যুবক।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের পথসভায় ধুতমা ও লক্ষীপুর গ্রামের যুবকরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
এ সময় তোফায়েল আহমদ খান নবাগত সদস্যদের স্বাগত জানিয়ে ফুলের মালা গলায় পড়িয়ে দেন। এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর জামায়াতে ইসলামীর আমির রুকন উদ্দিন।
এমপি প্রার্থী তোফায়েল আহমেদ বলেন, ‘জামায়াতে ইসলামীতে যারা আজকে যোগ দিয়েছেন তারা আগামী দিনের সম্পদ। তারাই ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
যোগদানকারী যুবকরা জানান, ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে ও দেশের চলমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে তারা যুক্ত হয়েছেন। এছাড়াও ভবিষ্যতে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে বলে জানান তারা।
এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক, স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে মধ্যনগর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সভার উদ্দেশে রওনা হন দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ তোফায়েল আহমদ খান।



