সিলেটের সড়কে থামছে না দুর্ঘটনা ও প্রাণহানি। চলতি বছরের জানুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৩৫ জন। এ সময়ে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে সিলেট ও হবিগঞ্জ জেলায়, আর তুলনামূলকভাবে কম দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে মৌলভীবাজার জেলায়।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে সিলেট বিভাগে মোট ২৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সিলেট জেলায় ছয়টি দুর্ঘটনায় আটজন নিহত ও ১০ জন আহত হন। সুনামগঞ্জ জেলায় সাতটি দুর্ঘটনায় প্রাণ হারান ছয়জন এবং আহত হন ১২ জন। মৌলভীবাজার জেলায় চারটি দুর্ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হন। হবিগঞ্জ জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে, যেখানে আটটি দুর্ঘটনায় আটজন নিহত ও নয়জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন পত্রিকা, দু’টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় ও অপ্রকাশিত ঘটনা এবং নিসচা সিলেটের বিভিন্ন শাখা সংগঠনের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, নিহতদের মধ্যে চারটি দুর্ঘটনায় পাঁচজন মোটরসাইকেল চালক ও আরোহী, সাতটি দুর্ঘটনায় সাতজন সিএনজি ও টমটম চালক ও যাত্রী, আটটি দুর্ঘটনায় আটজন বিভিন্ন যানবাহনের চালক এবং অপর আটটি দুর্ঘটনায় আটজন পথচারী প্রাণ হারিয়েছেন।
নিসচা সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ জোরদার ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছে।



