ফরিদপুরের সালথার ময়েনদিয়া বাজার দখলকে কেন্দ্র করে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পর জ্বালিয়ে দেয়া হয়েছে কয়েকটি বাড়িঘর।
শনিবার(১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর থেকে সালথার বড়খারদিয়া, নটখোলা ও পার্শ্ববর্তী বোয়লমারী উপজেলার ময়েনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় নটখোলা গ্রামের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বড়খারদিয়া ও ময়েনদিয়া থেকে আসা হামলাকারীরা। খবর পেয়ে জলকামানসহ সেনবাহিনীর দল এবং পুলিশ পৌঁছে ২ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে একটি দল সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের ওপর এ হামলা চালায়। একদল উচ্ছৃঙ্খল জনতা খারদিয়ায় সংঘবদ্ধ হয়ে রাত ১টা থেকে প্রস্তুতি নিয়ে সকালে এ হামলা চালান। বিষয়টি নিয়ে আগে থেকেই দফায় দফায় উত্তেজনাও সৃষ্টি হয়েছিল।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে বাড়ি-ঘরে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের আসবাবপত্র, মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খারদিয়ার জিহাদ গ্রুপ ও নটাখোলার মান্নান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে এ সংঘর্ষ হয়। এতে দু'জন আহত হন এবং কয়েকটি বাড়ি-ঘরে হামলা চালানো হয় বলে জানা গেছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



