মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা তীরে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মাওয়া নৌফাঁড়ি পুলিশ।
মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামের পদ্মা তীরবর্তী স্থান থেকে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস নয়া দিগন্তকে জানান, বিকেলে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী এলাকার পদ্মাতীরে কচুরীপানার সাথে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্ত রিপোর্টের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।
লাশটির মুখমন্ডল বিকৃত থাকায় বয়সও অনুমান করা সম্ভব হচ্ছে না। তবে লাশটি খালি গায়ে ও নীল রংয়ের জিন্স প্যান্ট পরিহিত ছিলো।
ধারণা করা হচ্ছে, পদ্মা নদীর স্রোতের টানে আশেপাশের এলাকা থেকে লাশটি এখানে ভেসে আসতে পারে বলে তিনি আরো জানান।



