মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে মো: হযরত আলী (৫) নামের এক শিশু ও আব্দুর রব হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।
শিশু হযরত আলী শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ছলু বেপারীর কান্দি গ্রামের মো: শুক্কুর আলীর একমাত্র ছেলে। অপরদিকে আব্দুর রব হাওলাদার শিবচর পৌরসভার নলগোড়া এলাকার মরহুম আ: হামেদ হাওলাদারের ছেলে।
জানা গেছে, বিকেলে শিশু হযরত আলী বাড়ির উঠোনে খেলছিল। কিছুক্ষণ পর সাড়াশব্দ না পেয়ে তার মা মাহামুদা বেগম তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে শিশুটির মা বাড়ির পুকুরে গিয়ে তাকে ভাসতে দেখেন। মায়ের ডাকচিৎকারে বাড়ির লোকজন এসে শিশুটিকে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বিকেলে সাঁকো পাড় হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যান ৬০ বছর বয়সী আব্দুর রব হাওলাদার। পরে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো: ইব্রাহিম হোসেন বলেন, ‘দুপুরে এক শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পুকুরের পানিতে ডুবেই তার মৃত্যু হয়। পানিতে পড়ে গিয়ে গুরুতর আহত এক বৃদ্ধকেও হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তবে হাসপাতালে আনার বেশআগেই তারও মৃত্যু হয়।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী (সুমন) জানান, পানিতে ডুবে দুজনের মৃত্যুর খবরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনরা হাসপাতাল থেকে নিয়ে গেছে।’



