জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা, ক্ষতিপূরণ দিলো ঠিকানা পরিবহন

রোববার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় আলোচনার পর এ মীমাংসা হয়।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাবি ছাত্রকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ঠিকানা পরিবহনের একটি বাসের হেলপার
জাবি ছাত্রকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ঠিকানা পরিবহনের একটি বাসের হেলপার |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনায় ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে ঠিকানা পরিবহন। এ ঘটনায় আটকে রাখা পরিবহন সংস্থাটির ছয়টি বাস ১৬ ঘণ্টা পর ছেড়ে দেয় শিক্ষার্থীরা।

রোববার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় আলোচনার পর এ মীমাংসা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে পরিবহন মালিকপক্ষ, ভুক্তভোগী শিক্ষার্থী ও তার সহপাঠীরা অংশ নেন।

ভুক্তভোগী ৫৩তম ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী আল মামুন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশমাইল এলাকা থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। ডেইরি গেটে নামতে চাইলে বাসের হেলপার তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং জাবির শিক্ষার্থীদের বাসে না তোলার কথা বলে। একপর্যায়ে আরেকজন হেলপার তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তার হাঁটু, হাত ও মাথায় আঘাত লাগে।

ঠিকানা পরিবহনের ম্যানেজার মো: কবির হোসাইন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের ঘটনা আমাদের জন্য কাম্য নয়। আমরা আহত শিক্ষার্থীর চিকিৎসা ও অন্যান্য খরচের জন্য ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছি। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে আমরা মালিকদের সাথে আলোচনা করব।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘মালিকপক্ষ তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং শিক্ষার্থীদের সাথে ভালো আচরণের প্রতিশ্রুতি দিয়েছে। ক্ষতিপূরণের মধ্যে চিকিৎসা ব্যয় ১২ হাজার টাকা এবং এক মাসের খরচ ১৩ হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে।’

তিনি আরো জানান, ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী পরিবহনগুলোর মালিকদের সাথে আলোচনা করে এ ধরনের ঘটনার স্থায়ী সমাধান করা হবে।

উল্লেখ্য, শনিবার রাতে ওই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে চলা ঠিকানা পরিবহনের ছয়টি বাস আটক করে।