‘বিএনপিও আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে, একটি সরকারের পতন হলেও দেশ থেকে ফ্যাসিবাদের পতন ঘটেনি। এদেশের ছাত্র-জনতা যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, শত শত মানুষ জীবন দিল, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করল—সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি।’
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজারে জামায়াতের গড়েয়া ইউনিয়ন যুব বিভাগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।
‘৫ আগস্ট গণ-অভ্যুত্থানের আংশিক পূরণ হয়েছে, জুলাই বিপ্লব এখনো বাকি রয়ে গেছে’ দাবি করে দেলাওয়ার হোসেন বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের গণদাবি যেহেতু এখনো পূরণ হয়নি, দেশে যেহেতু ফ্যাসিবাদ এখনো চলমান, সুতরাং জুলাই আন্দোলনও এখনো বাকি আছে।’
দেলাওয়ার হোসেন আরো বলেন, ‘১৯৭১ সালে আওয়ামী লীগ যেভাবে একদিন যুদ্ধ না করেও শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের মহানায়ক বানিয়েছিল, তেমনিভাবে ২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ক্রেডিট ছিনিয়ে তারেক রহমানকে জুলাই আন্দোলনের নায়ক বানানোর চেষ্টা করছে বিএনপি।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ বলেন, যুবকরাই দেশের চালিকাশক্তি। তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিয়ে নিজ ক্যারিয়ার গঠনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ করে দিতে হবে।
গড়েয়া যুব বিভাগের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মতিয়ার রহমানের সঞ্চালনায় সমাবেশে সদর আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি এস. এম. আদিউল ইসলামসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



