সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় এ বছর উপজেলার মোট ৬৫ হাজার ৬৫৬ জন শিশুকে টিকা প্রদান করা হবে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমানে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা জনমনে ভীতি সৃষ্টি করছে। তবে আতঙ্কিত না হয়ে সচেতনতার মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব।’
তিনি অভিভাবকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, শিশুদের নির্ধারিত টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করতে হবে। একইসাথে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাদান কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ৪২৬টি ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে এই টিকা প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: খাইরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।



