নওগাঁয় আত্রাইয়ে নদীতে গোসল করতে নেমে মানিকজান বিবি (৯০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মানিকজান বিবি আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকবিষ্টপুর গ্রামের মরহুম আবুল কাশেমের স্ত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীতে উদ্ধার অভিযান চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত বৃদ্ধার কোনো সন্ধান মেলেনি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মানিকজান বিবিকে আত্রাই নদীতে গোসল করতে নামেন। দীর্ঘ সময় পার হলেও তিনি পানি থেকে উঠে আসেননি। এসময় পরিবারের সদস্যরা বৃদ্ধাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কোথাও সন্ধান না পেয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
স্বজনরা জানান, সাত সন্তানের জননী মানিকজান বিবি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘুম থেকে ওঠে তিনি একাই নদীর ঘাটে চলে গিয়েছিলেন।
আত্রাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নেকবর আলী সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে সকাল আনুমানিক ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে রাজশাহী থেকে একটি বিশেষ ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়।
তিনি বলেন, নদীতে প্রবল স্রোত ও পানির গভীরতা বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তারপরও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।



