রাজবাড়ীর গোয়ালন্দে অন্যত্র পাচারের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ সময় কৃষি উপকরণ পাচারের দায়ে সংশ্লিষ্ট সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা দেয়া হয়েছে।
বুধবার (১৯ আগষ্ট) দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুনতাসীর মামুন খান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হায়দার তার সাথে ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, গোয়ালন্দ বাজারের সার ডিলার খন্দকার ফারুক হোসেন গোয়ালন্দ বাজার থেকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারে বিক্রির উদ্দেশে ভ্যানে করে ৪০ বস্তা ইউরিয়া সার নিয়ে যাচ্ছিলেন। সার পাচারের উদ্দেশে পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মহাসড়ক থেকে সারগুলো জব্দ করে।
পরে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ডিলার মোস্তাককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হায়দার বলেন, ‘সরকার নির্ধারিত ডিলারের মাধ্যমে কৃষকরা যাতে ন্যায্য দামে সার পায় সেজন্য আমাদের নিয়মিত মনিটরিং চলছে। ডিলার খন্দকার ফারুকের দৌলতদিয়া ইউনিয়নের কৃষকদের কাছে সার বিক্রির নির্দেশ থাকলেও তিনি নিয়ম ভঙ্গ করে অন্য এলাকায় সার পাচার করে আসছিলেন। এ অবস্থায় ওই ৪০ বস্তা সার আটক করা হয়। পরে ফারুকের সারের গুদামঘরে তদন্ত করে অনিয়ম ধরা পড়ে। সার পাচারকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মুনতাসীর মামুন খান বলেন, ‘ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় খন্দকার ফারুক নামে ওই সারের ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলার কৃষকের সার কৃষকের কাছে পৌঁছানো নিশ্চিত করতে প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।’



