চুয়াডাঙ্গায় শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

শিশুটির মা সরস্বতী মেয়েকে বুকের দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে ভোরের দিকে ঢাকা থেকে বাড়ি ফিরে শিশুটির বাবা তাকে কোলে নিলে শরীর অস্বাভাবিক মনে হয়।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Jibannagar
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে বুকের দুধ খাওয়ানোর পর শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুন) ভোর ৪টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মেঘলা ওই এলাকার বাসিন্দা মাধু ঘোষ ও সরস্বতী ঘোষ দম্পতির ছোট মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে শিশুটির মা সরস্বতী মেয়েকে বুকের দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে ভোরের দিকে ঢাকা থেকে বাড়ি ফিরে শিশুটির বাবা তাকে কোলে নিলে শরীর অস্বাভাবিক মনে হয়। এসময় দেখা যায়, শিশুটির মুখ কালচে হয়ে গেছে এবং হাত-পা নিস্তেজ হয়ে রয়েছে। পরে দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা সরস্বতী বলেন, ‘ভোরে মেয়েকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। পরে তার বাবা কোলে নেয়ার পর তার অস্বাভাবিক অবস্থা দেখতে পান। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।’

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: তৌহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার প্রায় এক থেকে দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছিল। শ্বাসনালীতে দুধ আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।