বগুড়া সিটি করপোরেশন (বিসিসি) গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভায় চূড়ান্ত অনুমোদন লাভ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি।
শুক্রবার (৮ মে) বিকেলে নগরীর নবাব বাড়ি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। ব্যান্ড পার্টির বাজনার তালে তালে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীকে এ জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
মিছিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, মনিরুজ্জামান মনি, তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২০তম বৈঠকে অনুমোদন দেয়া হয় বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব। এটি দেশের ১৩তম সিটি করপোরেশন। এ খবরে বগুড়াজুড়ে বইছে আনন্দের জোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে চলছে উচ্ছ্বাস ও অভিনন্দন ও শুভেচ্ছার পালা।
স্থানীয়রা মনে করছেন, বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার মাধ্যমে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ শহরের আধুনিক নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। একইসাথে পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, উন্নত ড্রেনেজ, সড়ক যোগাযোগ ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত হবে।
নতুন সিটির আয়তন ৭০ বর্গকিলোমিটার, সাধারণ ওয়ার্ড ২১টি ও জনসংখ্যা প্রায় ১০ লাখ।



