ব্রেক ফেল করা বাস থামাতে গিয়ে প্রাণ গেল হেলপারের

নিহত দুলাল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। তিনি আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Sirajdikhan

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্রেক ফেল করা একটি বাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গিয়ে দুলাল (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। তিনি আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল বাসটি। পথে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটির ব্রেক বিকল হয়ে যায়। এতে চালক বাসটি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে থাকেন।

একপর্যায়ে টোল প্লাজার কাছে বাসটি থামানো সম্ভব না হওয়ায় হেলপার দুলাল দ্রুত গাড়ি থেকে নেমে চাকার নিচে কিছু দিয়ে বাসটি থামানোর চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর কিছু সময়ের জন্য ধলেশ্বরী টোল প্লাজায় টোল আদায় কার্যক্রম বন্ধ থাকে। পরে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীদের নিরাপদে রাখতে গিয়ে বাসের হেলপার দুলাল প্রাণ হারিয়েছেন। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হননি।