ঈদকে সামনে রেখে রাঙ্গামাটির মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতার ভিড়

রাঙ্গামাটির বিভিন্ন বিপণিবিতান ও মার্কেট কর্তৃপক্ষ ক্রেতাদের আকৃষ্ট করতে নানা ধরনের প্রচারণাও চালাচ্ছে। কোথাও বিশেষ ছাড়, আবার কোথাও লটারির আয়োজনসহ বিভিন্ন অফারের মাধ্যমে ক্রেতাদের টানার চেষ্টা করছেন ব্যবসায়ীরা।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
দোকানে ক্রেতাদের ভিড়
দোকানে ক্রেতাদের ভিড় |নয়া দিগন্ত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাঙ্গামাটি শহরে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। রমজানের মাঝামাঝি সময়ে এসে শহরের বিপণিবিতান, বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক, শাড়ি, জুতা ও কসমেটিক্সের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি।

পবিত্র রমজানের মাঝামাঝি সময়ে এসে রাঙ্গামাটি শহরে ঈদের কেনাকাটার আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানগুলোতে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও আকর্ষণীয় ডিসপ্লে করা হয়েছে, যা পথচারীদেরও দৃষ্টি কাড়ছে।

শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজারের মার্কেটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। সকাল থেকে রাত পর্যন্ত দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

শহরের প্রাণকেন্দ্র বনরূপা এলাকায় অবস্থিত বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাতের দোকানগুলোতে ঈদ উপলক্ষে নতুন নতুন পোশাক, শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, শিশুদের পোশাক, কসমেটিক্স ও জুতার নানা সংগ্রহ সাজিয়ে রাখা হয়েছে।

একইভাবে রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজারের মার্কেটগুলোতেও তৈরি পোশাক, শাড়ি, কসমেটিক্স ও জুতার দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে। পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই ঈদের কেনাকাটা সারতে মার্কেটে ভিড় করছেন।

ব্যবসায়ীরা জানায়, রমজানের শুরুতে বিক্রি তুলনামূলক কম থাকলেও মাঝামাঝি সময়ে এসে বিক্রি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ঈদের যত দিন ঘনিয়ে আসবে, ততই ক্রেতাদের ভিড় আরো বাড়বে বলে তারা আশা করছেন।

বনরূপা মার্কেটের ব্যবসায়ীরা জানায়, রমজানের প্রথম দিকে বিক্রি কিছুটা কম ছিল। তবে এখন ক্রেতাদের আনাগোনা বাড়ছে। আশা করছেন, ঈদের আগের শেষ সপ্তাহে বিক্রি অনেক বেশি হবে।

এদিকে ক্রেতারাও বলছেন, ঈদের কেনাকাটা ধীরে ধীরে শুরু করেছেন তারা। শেষ মুহূর্তের ভিড় এড়াতে অনেকে এখন থেকেই পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় পোশাক ও সামগ্রী কিনে নিচ্ছেন।

রাঙ্গামাটির বিভিন্ন বিপণিবিতান ও মার্কেট কর্তৃপক্ষ ক্রেতাদের আকৃষ্ট করতে নানা ধরনের প্রচারণাও চালাচ্ছে। কোথাও বিশেষ ছাড়, আবার কোথাও লটারির আয়োজনসহ বিভিন্ন অফারের মাধ্যমে ক্রেতাদের টানার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। ফলে দিন যত যাচ্ছে, রাঙ্গামাটির ঈদের বাজারে ততই বাড়ছে উৎসবের আমেজ।