কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৪, কয়েকজন আশঙ্কাজনক

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বিলজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
দুর্ঘটনাকবলিত বাস
দুর্ঘটনাকবলিত বাস |নয়া দিগন্ত

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সাথে একটি বাসের সংঘর্ষের পর বাসটি উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বিলজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসের সাথে ডাম্প ট্রাকের সংঘর্ষে বাসটি পাশের খাদে উল্টে পড়ায় চারজন নিহত হন। এ ঘটনায় আহত ৩০ জনকে খোকসা, কুমারখালী ও কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। পথিমধ্যে খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে একটি ভ্যানের সাথে সংঘর্ষের উপক্রম হয়। পরে ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। এলাকাবাসী পানিতে থাকা বাসযাত্রীদের দ্রুত উদ্ধার করে এবং বাসটি পানি থেকে পাড়ে তুলতে সক্ষম হওয়ায় হতাহতের সংখ্যা কমে যায়। ঘটনাস্থলে হায়দার আলী (৬০) ও রাফিয়া আক্তার (১৬) নামে দুইজন নিহত হন। নিহত রাফিয়ার বাড়ি দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে।

গুরুতর আহত চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়। সে দুইজনের পরিচয় জানা যায়নি।

গুরুতর আহত হওয়া ১৬ জনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কয়েকজনকে অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চলছিল।

কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে রয়েছেন সুব্রত কুমার বিশ্বাস (৫৫), আরিফুর রহমান (৫২), মোল্লা (৩৫), রাজ্জাক (৬০), শাহ আলম (৭০), আক্তারী বেগম (৬০), রবিতোষ (৫৬), ঝুমা (২৫), সুলতান (২৯), শাহিন (৩৩), রনি (১৯), রিতা (৫০), আবু সাঈদ (১০), আনিসুর রহমান (৭০) ও নাজিম উদ্দিন (৫৭)।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আরিফুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ২০ জনকে চিকিৎসার জন্য আনা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান জানান, আশঙ্কাজনক অবস্থায় আনা রোগীদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।