চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে উন্নীত করা হবে। এটিকে শুধু বিনোদনের স্থান নয়, প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং জীববৈচিত্র্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির একটি আধুনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু |সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে উন্নীত করা হবে। এটিকে শুধু বিনোদনের স্থান নয়, প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং জীববৈচিত্র্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির একটি আধুনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্ম, বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে দেশের বিভিন্ন প্রাণী, তাদের জীবনধারা, বৈশিষ্ট্য ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারে, সে লক্ষ্যেই চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে।’

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আধুনিক চিড়িয়াখানার মূল উদ্দেশ্য কেবল প্রাণী প্রদর্শন নয়, বরং প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর বিনোদনের সমন্বিত পরিবেশ নিশ্চিত করা। এ লক্ষ্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় আধুনিক অবকাঠামো, উন্নত ব্যবস্থাপনা, দর্শনার্থী বান্ধব পরিবেশ এবং শিক্ষামূলক কার্যক্রম যুক্ত করা হবে।

তিনি বলেন, দেশের অন্যান্য চিড়িয়াখানাকেও কীভাবে আরো আধুনিক ও আকর্ষণীয় করা যায়, সে বিষয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। দর্শনার্থীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় এসব চিড়িয়াখানাকে শিশু-কিশোর ও তরুণদের জন্য শিক্ষা, জ্ঞানচর্চা এবং প্রকৃতির সাথে পরিচিত হওয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা হবে।

চট্টগ্রাম চিড়িয়াখানার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রাণীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসস্থল নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, ‘চট্টগ্রাম চিড়িয়াখানাকে এমন একটি আকর্ষণীয় স্থানে পরিণত করতে চাই, যেখানে পরিবার নিয়ে মানুষ আনন্দময় সময় কাটাতে পারবেন। একইসাথে নতুন প্রজন্ম দেশের প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে।’

চিড়িয়াখানা পরিদর্শনের সময় চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো: শাহজামান খানসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস