নগরকান্দায় সেপটিক ট্যাঙ্ক থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

সেপটিক ট্যাঙ্কে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেন।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |প্রতীকী ছবি

ফরিদপুরের নগরকান্দায় সেপটিক ট্যাঙ্ক থেকে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাঙ্কে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে লাশ উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জামেলা বেগম ওই গ্রামের মরহুম জমির ভুইয়ার স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি দীর্ঘদিন ধরে একাই বাড়িতে বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ সেপটিক ট্যাঙ্কে ফেলে যান।

নিহতের জামাতা আব্দুল কুদ্দুস জানান, তার শাশুড়ি প্রতিদিনের মতো রাতেও বাড়িতে একাই অবস্থান করছিলেন এবং রোজা রেখেছিলেন। সকালে তারা খবর পান, অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে হত্যা করে বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্কে ফেলে রেখেছেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুরাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। নিহত নারী দীর্ঘদিন ধরে একাই বসবাস করছিলেন। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।