নারায়ণগঞ্জে জামায়াতের কর্মসূচিতে বিএনপির হামলা, আহত ৫

‘হামলাকারীরা জামায়াতের নেতাকর্মীদের রড দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে। ইট-পাটকেল নিক্ষেপ করে।’

Location :

Narayanganj
আহত মাওলানা মাহবুবুর রহমান
আহত মাওলানা মাহবুবুর রহমান |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ ও আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে হামলা হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। হামলায় মাহমুদপুর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানসহ ৫ থেকে ৬ জন আহত হয়েছেন।

শনিবার বেলা ৩টার দিকে আড়াইহাজারের মাহমুদপুর গহরদি এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়াতের গণসংযোগ কর্মসূচিতে হামলার বিষয়টি শনিবার বিকেলে নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) নির্বাচনী আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লা। তিনি জানান বিনা উস্কানিতে বিএনপি নেতা শাহজাহান শিকারী, মাসুম শিকারী ও ইউসুফ শিকারীর নেতৃত্বে এ হামলা হয়। পথসভায় বক্তব্য দেয়ার সময় হামলা চালিয়ে মাইকের তার ছিঁড়ে ফেলে। অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং নারায়ে তাকবির আল্লাহু আকবার শ্লোগান দিতে বাধা প্রদান করে।

তিনি আরো জানান, হামলায় জামায়াতের ৫ থেকে ৬ জন নেতাকর্মী আহত হন এর মধ্যে ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান গুরুতর জখম হন। অবিলম্বে হামলাকারীদের বিচার দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর আড়াইহাজরের গওহরদী বাদশার বাড়ি এলাকায় গণসংযোগ কর্মসূচি চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) নির্বাচনী আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লা পথ সভায় বক্তব্য প্রদানকালে মাহমুদপুর ইউপি ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকারী, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ শিকারী ও মাহমুদপুর ইউপি বিএনপি সভাপতি মাসুম শিকারীর নেতৃত্বে হামলা চালান। হামলাকারীরা জামায়াতের নেতাকর্মীদের রড দিয়ে এলাপাথাড়ি পেটাতে থাকে। ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় হামালাকারীরা প্রায় ১০টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। বিএনপি নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীদের উপর বিনা উসকানিতে হামলা চালায় বলে সূত্র জানায়।

এ ব্যাপারে জানতে শাহজাহান শিকারীর মোবাইল ফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, জামায়াতের গণসংযোগ কর্মসূচিকে ঘিরে হামলা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।