নওগাঁর রাণীনগরে প্রান্তিক মানুষের সুখ-দুঃখ তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো: রেজাউল ইসলাম।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব ভবনে আয়োজিত সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সংসদ সদস্য রেজাউল বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা জাতির সামনে তুলে ধরতে হবে।’
তিনি বলেন, ‘সুস্থ ধারার সাংবাদিকতা জাতির কল্যাণ বয়ে আনে। প্রান্তিক জনপদের মানুষের সমস্যা গণমাধ্যমে গুরুত্বসহকারে তুলে ধরা হলে সরকারের পক্ষে তা সমাধান করা সহজ হয়।’
রাণীনগর-আত্রাইকে উন্নয়ন ও শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুই উপজেলায় সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। এক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এছারা তিনি আরো বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এ জনপদ অবহেলিত ছিল। বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের উন্নয়নে যেখানে যা প্রয়োজন, তা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’
রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, সাবেক সভাপতি এস এম সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে যুবদল, যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল প্রমুখ।
আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



