ডেমরা থানার আ’লীগ নেত্রী ইয়াবাসহ নারায়ণগঞ্জে আটক

রজনী আক্তার তুশি ডেমরা থানার একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী ছিলেন বলে সূত্র বরাতে জানা যায়।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
রজনী আক্তার তুশি
রজনী আক্তার তুশি |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে রজনী আক্তার তুশি নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ।

শনিবার (২৪ মে) রাত ৮টায় তাকে ইয়াবাসহ সন্দেহভাজন হিসেবে আটক করে ফতুল্লার কাশিপুর ফরাজীকান্দা স্থানীয় এলাকাবাসী।

আটক করার সময় স্থানীয় এলাকাবাসী আওয়ামী লীগ নেত্রীর কাছে ইয়াবাসহ সেবনের সামগ্রী উদ্ধার করে বলে জানা যায়। পরে নারায়ণগঞ্জ মডেল থানায় বিষয়টি জানালে রাত সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তুশিকে হেফাজতে নেয়।

রজনী আক্তার তুশি ডেমরা থানার একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী ছিলেন বলে সূত্র বরাতে জানা যায়।

পুলিশ আটক করার সময় তুশি ‘জয় বাংলা’ স্লোগান দিলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। এ সময় পরিস্থিতি শান্ত করতে পুলিশের বেগ পোহাতে হয় এবং পরিস্থিতি কিছুটা শান্ত হলে তুশিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

ফরাজীকান্দার রুবেল মিয়ার বাড়িতে গত তিন মাস ধরে পরিচয় গোপন রেখে তুশি বাসা ভাড়া নিয়ে ছিলেন। শুক্রবার (২৩ মে) স্থানীয়দের কাছে সন্দেহ লাগলে তুশিকে নজরে রাখেন এলাকাবাসী। শনিবার আওয়ামী লীগের একজন দোসর নেত্রীকে ইয়াবাসহ আটক করতে পেরে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় স্থানীয়দের।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আটক ওই আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলা রয়েছে। তিনি বর্তমানে সদর মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। আমরা ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা থানায় এলেই তাদের কাছে আমরা ওই নেত্রীকে হস্তান্তর করব।’