ভারত থেকে অবৈধ পুশ-ইন এবং সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী, লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় হাতীবান্ধা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড় চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ আলম।
এছাড়াও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মুফতি আবুল কাসেম, এবি পার্টির আশরাফুল আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর হাতীবান্ধা উপজেলা সমন্বয়ক মশিউর রহমান এবং লেবার পার্টির শুভ আহমেদ।
বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা এবং ভারত থেকে অবৈধভাবে পুশ-ইনের ঘটনা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তারা এসব ঘটনার অবিলম্বে বন্ধ এবং সীমান্তে নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় সাম্প্রতিক পুশ-ইনের চেষ্টা ও সীমান্ত হত্যার ঘটনার প্রতিবাদ জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেয়।



