শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’-এর আওতায় এ উদ্যোগ নেয়া হয়।
শনিবার (২ মে) দুপুর ২টার দিকে উপজেলার কাঁকৈরতলা বাজারে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে শাহরাস্তি মেহের উত্তর (কাঁকৈরতলা থেকে শাহরাস্তি পৌরসভা ডাকাতিয়া) মেহের গোদা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মমিনুল হক বলেন, ‘খাল পুনঃখননের মাধ্যমে এলাকায় জলাবদ্ধতা কমবে এবং কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে। এতে স্থানীয় কৃষকেরা উপকৃত হবেন এবং ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।’
তিনি বলেন, ‘সরকারের এই কর্মসূচির মাধ্যমে অতি দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। আগামী পাঁচ বছরে শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় উন্নয়ন প্রকল্পের কোনো নামফলকে আমার নাম থাকবে না। জনগণের টাকায় জনগণের উন্নয়নের কাজ হবে, এখানে সংসদ সদস্য হিসেবে আমার নাম থাকাটা যৌক্তিক মনে করি না।’
সভাপতির বক্তব্যে ইউএনও নাজিয়া হোসেন বলেন, ‘প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। কাজের মান বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করছি।’
শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এ বি এম পলাশের যৌথ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, চাঁদপুর জেলা সহ-সভাপতি আব্দুল মান্নান পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম ও শাহ মোহাম্মদ আলী, উপজেলা সহ-সেক্রেটারি ইকবাল হোসেন, শাহরাস্তি পৌরসভার আহ্বায়ক আবুল কালাম পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল গনি, মেহের উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল ইসলাম মজুমদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দিত এবং কৃষি জমিতে পানি নিষ্কাশনে সমস্যা হতো। খালটি পুনঃখনন হলে এ সমস্যা অনেকটাই দূর হবে বলে তারা আশা করছি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের তত্ত্বাবধানে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।



