জেন-জি’রা কেন পরীক্ষার ফলাফল খারাপ করবে—এমন প্রশ্ন রেখে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমাদের দেশকে দ্বিতীয়বার মুক্ত করেছিল জেন-জি। আমি কেন ভাবব, রেজাল্টে ধস নামবে। যারা আমাদের সত্য কথা বলতে শিখিয়েছে, সৎ পথে চলতে শিখিয়েছে, তারা কেন ফলাফল খারাপ করবে? পুরো জাতি আজ কমিটেড, পুরো জাতি আজ সত্যের পথে।
তিনি বলেন, ‘এসএসসি পরীক্ষায় পাসের হার শূন্য হলেও শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহি করতে হবে না। যেহেতু এই বছর পরীক্ষা কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতাসহ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে সেই কারণে পাসের হার কমে যেতে পারে। শুধু এই বছরের জন্য জবাবদিহি করতে হবে না।’
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এবং এ অঞ্চলের কারিগরি ও মাদরাসা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি বলেছিলাম শিক্ষা মন্ত্রণালয় আমার ইবাদতখানা। এখানে আপনি ওজু ছাড়া ঢুকতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয়ে থেকে অসৎ কাজ করা যায় না। এই মন্ত্রণালয়কে আমি পবিত্র করেছিলাম।’
তিনি বলেন, নকলের ধরন বদলেছে। ডিজিটালি নকল হচ্ছে। সেজন্য ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা অ্যাক্টে অনেক কিছু সংযোজন করা হয়েছে। বাথরুমে নকল পাওয়া গেলেও কেন্দ্র সচিব উড বি পানিশএবল। বাইরে থেকে নকল সাপ্লাই করলেও ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। টিচাররা শিক্ষার্থীদের দুর্বলতা বের করে ইনহাউজ প্রাইভেট—কোচিং করাবেন, প্রয়োজনে এক্সট্রা চার্জ করবেন। কর্মচারীদেরও কিছু পয়সা দেবেন। বাইরে পড়ানো যাবে না।’
স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: শামছুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা—৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা—৯ আসনের সংসদ সদস্য মো: আবুল কালাম, কুমিল্লা—১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা—৫ আসনের সংসদ সদস্য মো: জসীম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম এ মান্নান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদরাসা বোর্ডের চেয়ারম্যান মিয়া মো: নুরুল হক, কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান,কুমিল্লার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: কবীর উদ্দিন আহমেদ।



