কক্সবাজারের ঈদগাঁওতে চেক জালিয়াতি মামলায় গ্রেফতার হয়েছেন জেলা শ্রমিক দলের সহ সভাপতি মো: আলমগীর।
রোববার (৮ মার্চ) ভোর রাতে ঈদগাঁও থানার এএসআই হিমেল বড়ুয়ার নেতৃত্বাধীন পুলিশ ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে নিজ বসত বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আলমগীর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাত জোলাকাটা গ্রামের মো: আলতাজ মিয়ার ছেলে। তিনি জেলা শ্রমিক দলের সহ সভাপতি বলে নিশ্চিত করেছেন জেলা শ্রমিক দল সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো: রফিকুল ইসলাম।
এলাকাবাসী জানান, নিজেকে ইসলামাবাদ ইউনিয়ন থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন প্রবাস ফেরত আলমগীর। গতকাল শনিবারও তিনি যথারীতি প্রচার-প্রচারণা করেন। কিন্তু রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
ঈদগাঁও থানার ওসি এ টি এম শিফাতুল মাজদার বলেন, ধৃত আলমগীর সাজাপ্রাপ্ত আসামি। চেক জালিয়াতি মামলায় ইতোপূর্বে তার বিরুদ্ধে এক বছরের কারাদন্ডসহ ৫০ লাখ টাকার অর্থদন্ডের রায় প্রচার করেন আদালত। ওই মামলার সাজা পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



