খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, নিহত ১

আগুনের আতঙ্কে তাড়াহুড়া করে বেরিয়ে আসার সময় মাক্স খুলে গেলে অক্সিজেনের অভাবে নাসরিনের মৃত্যু হয়। তিনি ডায়াবেটিসের কারণে রোববার হাসপাতালে ভর্তি হন।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল |নয়া দিগন্ত

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। এতে এক রোগীসহ পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২০ মে) সকালে হাসপাতালের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত নাসরিন নাহার নামের খুলনার কয়রা এলাকার নেছার আলির মেয়ে।

আহতরা হলেন হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন এবং ফায়ার সার্ভিসের সদস্য তৌহিদ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুনের আতঙ্কে তাড়াহুড়া করে বেরিয়ে আসার সময় মাক্স খুলে গেলে অক্সিজেনের অভাবে নাসরিনের মৃত্যু হয়। তিনি ডায়াবেটিসের কারণে রোববার হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা: দিলিপ কুমার কুন্ডু বলেন, ‘নাসরিন নামে এক রোগী ভেন্টিলেশনে ছিল। সেখানে মোট ১৫ জন রোগী ছিল। আমরা সবাইকে নিরাপদে নিতে পেরেছি। কিন্তু ওই রোগীর স্বজনরা নিজেরাই তাকে সরিয়ে নিয়ে যাচ্ছিল। রোগী নামিয়ে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।’

তিনি জানান, সকাল ৬টার দিকে ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশে পোস্ট অপারেটিভ রুম এবং পাশের স্টোর রুমের কোনো একটিতে শর্টসার্কিট হয়ে থাকতে পারে। এতে এসির আউটডোর এবং পরে অক্সিজেন আউটডোরে আগুন লেগে যায়। অক্সিজেন আউটডোরের মুখে আগুন লাগার কারণে হয়তো দরজা বিষ্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অপারেশন থিয়েটারে (ওটি) থাকা দু’জন নার্স ও একজন ডাক্তার জালানা দিয়ে লাফ দেন। তিনজনই চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের ওয়ার্ডবয় রেজাউল জানান, স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন ও ঘন ধোঁয়ায় ওটি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কিছুই দেখা যাচ্ছিল না। পরে পোস্ট অপারেটিভ রুম থেকে গুরুতর রোগীদের পেছনের দরজা দিয়ে সরিয়ে নেয়া হয় এবং আইসিইউর কিছু রোগীকেও স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ আহমেদ বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্রথমে বয়রা থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরো সাতটি ইউনিট যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’

রোগী ও স্বজনেরা জানান, ভোরের দিকে বেশিরভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই দ্রুত নিরাপদ স্থানে নেমে আসেন। অনেক রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা: কাজী আইনুল ইসলাম বলেন, ‘কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে আগুনের কারণে হাসপাতালে অক্সিজেন সাপ্লাই ব্যাহত হওয়ায় এ মুহুর্তে সকল ধরণের অপারেশন বন্ধ রাখা হয়েছে।’