মুরগি চুরির অপবাদ

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ১

নোয়াখালীর সেনবাগে মুরগি চুরির অপবাদ দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নয়া দিগন্ত

নোয়াখালীর সেনবাগে মুরগি চুরির অপবাদ দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী চারজনকে আসামি করে সেনবাগ থানায় মামলা করেছেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মো: লিংকন (২৭) নামে মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।

এ ঘটনার বিচার চেয়ে বুধবার দুপুরে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন নির্যাতনের শিকার নারী।

তিনি অভিযোগ করেন, মুরগি চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে মারধর, নির্যাতন ও শ্লীলতাহানি করা হয়। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বৃহস্পতিবার বলেন, ‘একজনকে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।’

গত শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার বীজবাগ ইউনিয়নে পূর্ব শ্যামেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রায় ২০ সেকেন্ডের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মুঠোফোনে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, এক নারীকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে এবং আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন। একপর্যায়ে ওই নারীর হাতে কয়েকটি মুরগি ধরিয়ে দেয়ার চেষ্টা করা হয়।

গ্রেফতার লিংকন উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখীল গ্রামের ফরাজি বাড়ির মো: মোস্তফার ছেলে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম আরো বলেন, গাছে বেঁধে রাখার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনকে বিবাদী করে নারীর লিখিত অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।