আইনশৃঙ্খলা উন্নতি না হলে জনগণ আবার রাস্তায় নামবে : হাসনাত

পুলিশ ও গণমাধ্যম সংস্কারের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, তারা পুলিশ সংস্কার কমিশন গঠন, পুলিশকে নির্দলীয় ও পেশাদারভাবে পরিচালনার দাবি জানিয়েছিলেন। পাশাপাশি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনেরও দাবি করেছিলেন। তবে সরকার সে পথে এগোয়নি বলে অভিযোগ করেন তিনি।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
নয়া দিগন্ত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবারো রাস্তায় নামবে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা শিকদার মার্কেটের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের সময় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল, বর্তমানে তা আরো নাজুক হয়েছে।

তিনি বলেন, থানায় ঢুকে হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবারো রাস্তায় নামবে।

নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার নির্বাচনী প্রচারণায় এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরো বলেন, দেশের মানুষ প্রতারিত হচ্ছে এবং শহীদ ও আহতদের আত্মত্যাগের সাথে প্রতারণা করা উচিত নয়। তাদের সাথে আর প্রতারণা না করার আহবান জানান তিনি।

পুলিশ ও গণমাধ্যম সংস্কারের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, তারা পুলিশ সংস্কার কমিশন গঠন, পুলিশকে নির্দলীয় ও পেশাদারভাবে পরিচালনার দাবি জানিয়েছিলেন। পাশাপাশি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনেরও দাবি করেছিলেন। তবে সরকার সে পথে এগোয়নি বলে অভিযোগ করেন তিনি।

রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বাসের ব্রেক ও চাকা পরিবর্তনের সাথে রাষ্ট্র সংস্কারের তুলনা করেন।

তার ভাষায়, শুধু সরকার বা ‘চালক’ পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারও জরুরি।

তিনি দাবি করেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়াই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে, ফলে দক্ষ চালক হলেও কাঠামোগত সংস্কার ছাড়া কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।

হাসনাত আব্দুল্লাহ আরো দাবি করেন, রাষ্ট্রকাঠামো সংস্কারের দাবিতে আয়োজিত গণভোটে ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিলেও নির্বাচন-পরবর্তী সময়ে সেই জনমত উপেক্ষা করা হয়েছে।

ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে সিরাজদিখানে আওয়ামী লীগ সরকারের আমলে দখল হওয়া অনেক জমি ৫ আগস্টের পর হাতবদল হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।

সমাবেশে আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, আবু বাকের মজুমদার, মুন্সীগঞ্জ জেলা আহবায়ক মাজেদুল ইসলাম এবং জেলা সদস্য সচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।