নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর নবাবগঞ্জ বোয়ালমারী-কাঁচদহ সমাজকল্যাণ সঙ্ঘের উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বলেন, সমাজে এ ধরনের নৃশংস ঘটনা দিন দিন বেড়েই চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের সবাইকে একসাথে কাজ করতে হবে।
এ সময় স্থানীয় মসজিদের ইমাম তার বক্তব্যে বলেন, ইসলাম শান্তি, মানবতা ও ন্যায়বিচারের ধর্ম। এ ধরনের জঘন্য অপরাধ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। তিনি অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও রামিসার পরিবারের জন্য দোয়া করেন।
মানববন্ধনে বোয়ালমারী কাচঁদহ সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা এম এ খালেক, মহিদুজ্জামান রতন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, সংগঠনের অন্যান্য সদস্য, হাফেজিয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ইমাম ও তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।



