রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রথমবারের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেয়া হয়েছে। রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে রুয়েটের ১৮ শিক্ষার্থী এ সুযোগ পেয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। অ্যাকাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা থাকা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই রুয়েট শিক্ষার্থীদের রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা সিটি করপোরেশনের কর্মপরিবেশ, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। ভবিষ্যতে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে।’
মাহফুজুর রহমান রিটন বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন শুধু নগরবাসীকে সেবা দেয়ার প্রতিষ্ঠান নয়; তরুণ প্রজন্মের জ্ঞান, দক্ষতা ও কর্মদক্ষতা বিকাশেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রুয়েট ও রাসিকের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো বাড়ানো হবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে।’
তিনি আরো বলেন, ‘রাজশাহীকে আধুনিক, সুন্দর ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশ্বদরবারে রাজশাহীর পরিচিতি আরো বাড়াতে হবে। নগরীকে সবুজ, ফুলের নগরী, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।’
অনুষ্ঠানে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার বলেন, ‘রুয়েট ও রাজশাহী সিটি করপোরেশনের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রথম রুয়েটের শিক্ষার্থীদের জন্য রাসিকে ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগেই এটি সম্ভব হয়েছে।’
তিনি বলেন, ‘ইন্টার্নশিপের এই সুযোগ শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সাথে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে সহায়তা করবে।’
ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইন্টার্নশিপে অংশ নেয়া শিক্ষার্থী আরাফ মাসুদ বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পাওয়ায় তারা বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে জানার সুযোগ পাবেন। এখান থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অপর শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বলেন, ‘তাদের সিনিয়ররা এর আগে রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পাননি। তারাই প্রথমবারের মতো এ সুযোগ পেয়েছেন। বিষয়টি তাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।’
রাসিক সূত্রে জানা গেছে, ইন্টার্নশিপে অংশ নেয়া ১৮ শিক্ষার্থী সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রমও তারা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন।
এর মাধ্যমে রুয়েটে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব নগর উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। পাশাপাশি পেশাগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং বাস্তব কর্মঅভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনে প্রবেশের প্রস্তুতিও আরো সমৃদ্ধ হবে।



