সাঁথিয়ায় দিনমজুরকে কুপিয়ে হত্যা

প্রতিবেশীরা এগিয়ে গেলে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান তাকে। এসময় তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়।

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
দিনমজুরকে কুপিয়ে হত্যা
দিনমজুরকে কুপিয়ে হত্যা |নয়া দিগন্ত

পাবনা সাঁথিয়ায় আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফছার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজি সরদারের ছেলে।

এলাকাবাসী জানায়, রাত ১১টার দিকে ঘুঘুদহ গ্রামের দিনমজুর অফছার সরদারের আত্নচিৎকারে শুনতে পান প্রতিবেশীরা। তারা এগিয়ে গেলে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান তাকে। এসময় তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়। পরে আফসারকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠায়।

নিহতের মেয়ে আমেনা খাতুন বলেন, ‘সংসদ নির্বাচনের ভোট করাটাই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়ায়। নির্বাচনের দিন প্রতিপক্ষরা আমার বাবার ওপর হামলা চালায়, আমার বাবা আত্মরক্ষার্থে বাড়িতে পালিয়ে আসেন।’

আমেনা খাতুনের ধারণা উক্ত নির্বাচনকে কেন্দ্র করে আফছারকে হত্যা করা হয়েছে।

আফছারের মা আবেদা খাতুন বলেন, ‘আমার ছেলে সহজ সরল, সে কাজ ছাড়া কিছু বুঝতো না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চায়।’

থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায়, ‘পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, তদন্ত শেষে এ হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।’