নেকাব খুলে ভোট গ্রহণের দাবি বিএনপির আরিফুল হকের

সিলেটের রিটার্নিং কর্মকর্তার সাথে সাক্ষাৎকালে এ দাবি জানান তিনি।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিএনপি নেতা আরিফুল হক
বিএনপি নেতা আরিফুল হক |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহিলাদের বোরকার নেকাব খুলে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন সিলেট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তার সাথে সাক্ষাৎকালে তিনি এ দাবি জানান।

সাক্ষাৎ শেষে আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘বোরকা পরে কেন্দ্রে আসুন। কিন্তু ভেতরে যেন বোরকা খুলে ভোট প্রদান করেন। এর কারণ হচ্ছে, অনেক ভোটারই জাল ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন। এরই মধ্যে ভোটের মাঠে এমন অভিযোগ চাউর হওয়ায় বিষয়টি নির্বাচনি কর্মকর্তাদের জানিয়ে এসেছি।’

তিনি বলেন, ‘আমি যে এলাকা থেকে নির্বাচন করছি, সেটি হচ্ছে সীমান্তবর্তী দুর্গম এলাকা। আমাদের কাছে অভিযোগ এসেছে, অনেকেই পুলিশের ভুয়া পোশাক তৈরি করছেন। কারণ সীমান্তবর্তী অনেক কেন্দ্রই রয়েছে যেগুলোতে যাতায়াতের ব্যবস্থা নেই। কেউ কেউ ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করতে পারে।’

এ কারণে ওই সব এলাকায় বেশিসংখ্যক আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েনেরও দাবি জানান তিনি।

তবে আরিফুল হক চৌধুরীর এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নেটিজেনরা এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন।